ঢাকা-চট্টগ্রাম পথে রেল চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনের কাছে আজ শনিবার সন্ধ্যায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কসবা রেলস্টেশন সূত্র জানায়, চট্টগ্রামগামী দেওয়ানহাট বিসিএস স্পেশাল ট্রেনটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কসবা রেলস্টেশন ছেড়ে যায়। মন্দভাগ রেলস্টেশনের পৌঁছার আগে আউটারে ট্রেনের একটি বগীর চারটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া রেল জংশন থেকে রাত সোয়া নয়টার দিকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ দুর্ঘটনার কারণে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর গোধূলী আখাউড়া রেল জংশনে, ময়মনসিংহগামী নাছিরাবাদ কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়েছে। এতে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কসবা রেলস্টেশনের মাস্টার প্রণব কান্তি বড়ুয়া প্রথম আলো ডটকমকে জানান, উদ্ধারকারী একটি ট্রেন রাত সোয়া নয়টার দিকে উদ্ধারকাজ শুরু করেছে।