ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনভর যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্বরোড থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজটের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আজকের ভর্তি পরীক্ষায় অনেকেই নির্ধারিত সময়ে পৌঁছতে পারেননি।হাইওয়ে পুলিশের (পূর্বাঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক রাস্তায় উল্টে গেলে এ যানজট শুরু হয়। দুই ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও এরই মধ্যে দাউদকান্দির ঝিঙ্গাতলী থেকে কালাকচুয়া পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এ ছাড়া আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ায় চাপ আরও বাড়ে। এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে চান্দিনা সদরে মালবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। আর মেঘনা-গোমতী সেতুর পশ্চিম অংশে সাড়ে ১২টার দিকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান বিকল হলে যানজট তীব্র আকার ধারণ করে।ঢাকা থেকে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী সোহাগ আহমেদ জানান, দীর্ঘ যানজটের কারণে তাঁরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারেননি। তিনিসহ শতাধিক পরীক্ষার্থী তাঁদের পরীক্ষা বিকেলে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করলে তা সম্ভব হয়নি।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বলেছেন, ধীরে ধীরে গাড়ি চলছে। তবে যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। সন্ধ্যায় ধীরে ধীরে যানজট কমে দাউদকান্দির রায়পুর থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটারে পৌঁছেছে বলে তিনি জানান।