ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুর ওপর আজ বুধবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কের উভয় পাশে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুল হক জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সেতুর ওপর ঢাকাগামী একটি ট্রাক ও চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান দুটি বিকল হয়ে সেতুর ওপরই পড়ে থাকে। ফলে সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে কুমিল্লা থেকে রেকার এনে সকাল আটটার দিকে যান দুটিকে সরিয়ে নিলেও মহাসড়কের উভয় পাশে দাউদকান্দির রায়পুর থেকে গজারিয়ার ভবেরচর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।সকালের গাড়ির চাপ এবং এলোপাতাড়ি যান চলাচলের কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান।