ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কুমিল্লা থেকে দাউদকান্দি, মিরেরসরাই ও এর আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত যানজট দেখা গেছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জন ফজলুর রহমান প্রথম আলোকে বলেছেন, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তিনটি টিম গঠন করেছে। তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। কুমিল্লা থেকে দাউদকান্দি পর্যন্ত দুর্ঘটনাকবলিত ও বিকল গাড়ি সরানোর জন্য চারটি রেকারের ব্যবস্থা করেছে পুলিশ। এবারের ঈদে ঘরমুখো মানুষ স্বাভাবিকভাবে বাড়ি যেতে পারবে বলে তিনি আশা করেন। এদিকে মিরেরসরাইয়ের বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেছেন, সেখানে কোনো যানজট নেই। গাড়ি চলাচল একেবারে স্বাভাবিক আছে। বড় কোনো দুর্ঘটনার ঘটনাও ঘটেনি। তবে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত যানজট আছে। সেখানে কয়েক শ গাড়ি আটকে আছে।