ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির, দৌলতদিয়ায় ফেরিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির হয়ে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে ঘরে ফেরা মানুষ।এদিকে ফেরিসংকট ও সরু চ্যানেলের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে গরুবাহী শতাধিক ট্রাক ও বাস পারাপারের অপেক্ষায় আছে। এদিকে ঘাটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের দুই শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সেনানিবাস এলাকা থেকে মেঘনা সেতুর পূর্ব পাশ পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। এতে যাত্রীরা খাবার ও শৌচাগার-সমস্যায় পড়ছে। বিশেষ করে নারী ও শিশুরা যানজটে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়ছে।কুমিল্লার আমতলী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, একদিকে মাধাইয়া এলাকায় রাস্তার সংস্কারের কাজের কারণে ও ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহনের চাপে যানজট হয়েছে। তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের যানবাহনের চাপে যানজট বেড়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, অন্যান্য বছর ঈদের আগে অতিরিক্ত ফেরি দেওয়া হয়। কিন্তু এখনো এ রুটে নতুন ফেরি আসেনি। গত ১২ অক্টোবর জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী ২৫-২৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে অন্তত অতিরিক্ত দুটি রো রো ফেরি যোগ হওয়ার কথা। কিন্তু দুই দিন আগে কেরামত আলী নামক একটি ফেরি মাওয়া থেকে এলেও আর কোনো ফেরি যোগ করা হয়নি।এ ছাড়া এই রুটে বর্তমানে নয়টি ফেরির মধ্যে মঙ্গলবার বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। খানজাহান আলী নামের ফেরিটির ইঞ্জিনে গতকাল বিকেলে সমস্যা দেখা দিলেও রাত ১২টার পর চালু হয়। একই সঙ্গে কোরবানির ঈদ উপলক্ষে গরুবোঝাই অতিরিক্ত কয়েক শ ট্রাক বিভিন্ন স্থান থেকে আসায় ঘাটে চাপ পড়ছে।এদিকে গরুবোঝাই ট্রাক থেকে স্থানীয় প্রভাবশালী সংঘবদ্ধ দালাল চক্র অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুয়াডাঙ্গা থেকে গরুবোঝাই করে ঢাকার নয়াবাজারের উদ্দেশ্যে আসা ট্রাকচালক সিরাজুল ইসলাম বলেন, বুধবার রাত ১২টার দিকে গোয়ালন্দ বাজারের কাছে সিরিয়ালে আটকা পড়েন। ঘাটে আগে থেকে ঠিক করা খয়মদ্দিন নামের এক দালালকে ১০০ টাকা দিয়ে ৯৬০ টাকার পরিবর্তে কাউন্টার থেকে ১৩০০ টাকা দিয়ে টিকিট কাটেন। এহন বেলা সাড়ে ১১টার মতো বাজে, কিন্তু ফেরিতে উঠতে পারেনি।আজ সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘুরে দেখা যায়, ৩ নম্বর ফেরি ঘাটের সামনে ড্রেজিং অব্যাহত রয়েছে। এ ছাড়া ২ নম্বর ঘাট সোজা চ্যানেলটি সরু হওয়ায় খুবই ঝুঁকি নিয়ে ফেরি ও লঞ্চগুলি একত্রে আসা যাওয়া করছে।ঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকির দায়িত্বে নিয়োজিত রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল মান্নান বলেন, ঈদকে উপলক্ষ করে মঙ্গলবার রাত থেকে দুই শিফটে দৌলতদিয়ায় বাড়তি ২২২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য নিয়োজিত করা হয়েছে। ঈদের পর পর্যন্ত এ তদারকি চলবে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘প্রশাসনের তত্পরতায় ঘাটে দালাল নেই বললেই চলে। সেখানে দালালের মাধ্যমে বাড়তি টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট কাটার কোনো অভিযোগ পাননি বলেও তিনি জানান।