ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসহনীয় যানজট
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট থেকে ড্রিম লাইন পরিবহনের একটি বাসে করে গতকাল শুক্রবার সকাল নয়টায় রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হন শাহজাহান সিরাজী। সাড়ে তিন ঘণ্টার ওই পথ পাড়ি দিতে তাঁর সময় লেগেছে সাড়ে নয় ঘণ্টা। সন্ধ্যা সোয়া ছয়টায় তিনি সায়েদাবাদে পৌঁছান। একইভাবে কুমিল্লা শহরের শাসনগাছার তিশা বাস কাউন্টার থেকে তামান্না রহমান সকাল ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হন। দুই ঘণ্টার পথ যেতে তাঁর সময় লেগেছে পাঁচ ঘণ্টা। তিনি সায়েদাবাদে পৌঁছান বিকেল তিনটায়।শুধু শাহজাহান কিংবা তামান্না নন, এ রকম হাজার হাজার যাত্রীকেই গতকাল শুক্রবার মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাক গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। ৪৩ কিলোমিটার দূরের কুমিল্লা শহর থেকে রেকার মেশিন এনে গতকাল সকাল সাতটায় ট্রাকটি সরানো হয়। এরপর অত্যন্ত ধীরগতিতে যান চলাচল শুরু হয়।সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে নিমসার পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় সারা দিনই যানজট লেগে ছিল। সেবা পরিবহনের বাসের চালক নুরুজ্জামান (৪০) বলেন, ‘ফেনী থেকে ভোর পাঁচটায় ঢাকায় রওনা হয়েছি। দুই ঘণ্টার রাস্তা দাউদকান্দিতে পৌঁছাতে লেগেছে ছয় ঘণ্টা।’পুলিশ সূত্র জানায়, ট্রাক উল্টে যাওয়ায় রাতেই মহাসড়কে অসংখ্য গাড়ি আটকা পড়ে। তার ওপর ভোর থেকে গাড়ির চাপ বাড়তে থাকায় যানজট অসহনীয় হয়ে ওঠে। শুক্রবার ছুটির দিন আর সরকারি ছুটি দুই দিন থাকায় মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকে।হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) আনোয়ার কামাল বলেন, পুলিশের সংখ্যা কম, রেকার মেশিনের অভাব এবং গাড়ির চাপ বেশি থাকায় মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে। শুক্রবার এলে এটা আরও বাড়ে।