ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় গত দুই দিনে গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় সীতাকুণ্ড থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। দুই মামলার এজাহারে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার নাম এসেছে বলে জানা গেছে। ওই নেতার নির্দেশে ওই যুবকেরা গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন বলে পুলিশ সূত্র জানায়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন মোহাম্মদ হোসেন, মো. শাহাব উদ্দিন ও জহিরুল ইসলাম। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক ভূঁইয়া বাদী হয়ে দুটি মামলা করেন। এক মামলায় একজন এবং অন্য মামলায় দুজনকে আসামি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নির্দেশে এ নাশকতা ঘটানো হয়েছে বলে দুই মামলার এজাহারে উল্লেখ আছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার পল্টন ময়দানে সমাবেশ করতে না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়।তবে সাকা চৌধুরী দাবি করেন, তিনি ওই ঘটনা সম্পর্কে কিছু জানেন না। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের সলিমপুরে কয়েকজন যুবক একটি মালবাহী লরিতে আগুন ধরিয়ে দেয়। লরিটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় যাচ্ছিল। লরিতে আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা হোসেনকে আটক করে। তবে অন্য যুবকেরা একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে পালিয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোসেনকে গ্রেপ্তার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সলিমপুরে লরিতে আগুন দেওয়ার ছয় ঘণ্টা পর গতকাল রোববার ভোর সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় একইভাবে মাইক্রোবাসে করে এসে কয়েকজন যুবক মালবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়। এ ছাড়া তারা একটি ট্রাকও ভাঙচুর করছিল। গাড়ি ভাঙচুরের সময় লোকজন শাহাব উদ্দিন ও জহিরুল ইসলামকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। জনতার ধাওয়ার মুখে অন্যরা পালিয়ে যায়।সীতাকুণ্ড থানার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিন যুবক দাবি করে, সাকা চৌধুুরীর নির্দেশেই তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিল। গতকাল ঢাকার পল্টন ময়দানে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেওয়ায় তারা গাড়িতে ভাঙচুর ও আগুন দিচ্ছিল। আজ সোমবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, সলিমপুরের ঘটনায় একজন এবং বাঁশবাড়িয়ার ঘটনায় দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশের কাছে গ্রেপ্তার তিন যুবকের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী সাকা চৌধুরীর নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ সরাসরি সাকা চৌধুরী নাম উল্লেখ না করে বলেন, তিনজন যুবক নাশকতার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকাকে বেছে নেয়। বিএনপির এক শীর্ষস্থানীয় নেতার নির্দেশেই তারা এ কাজ করছিল বলে স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বক্তব্য ধরে ঘটনার তদন্ত চলছে।