ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে আগুন ভাঙচুর, গ্রেপ্তার ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় গত দুই দিনে গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় সীতাকুণ্ড থানায় বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা করা হয়েছে। দুই মামলার এজাহারে বিএনপির একজন শীর্ষ নেতার নাম এসেছে বলে জানা গেছে। ওই নেতার নির্দেশে যুবকেরা গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বলে পুলিশ সূত্র জানায়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন মোহাম্মদ হোসেন, মো. শাহাব উদ্দিন ও জহিরুল ইসলাম। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক ভূঁইয়া বাদী হয়ে দুটি মামলা করেন। এক মামলায় একজন এবং অন্য মামলায় দুজনকে আসামি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নির্দেশে এ নাশকতা ঘটানো হয়েছে বলে দুই মামলার এজাহারে উল্লেখ আছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার পল্টন ময়দানে সমাবেশ করতে না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়।তবে সাকা চৌধুরী দাবি করেন, তিনি ওই ঘটনা সম্পর্কে কিছু জানেন না। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের সলিমপুরে কয়েকজন যুবক একটি মালবাহী লরিতে আগুন ধরিয়ে দেন। লরিটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় যাচ্ছিল। লরিতে আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা হোসেনকে আটক করে। তবে অন্য যুবকেরা একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে পালিয়ে যান। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সলিমপুরে লরিতে আগুন দেওয়ার ছয় ঘণ্টা পর আজ রোববার ভোর সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় একইভাবে মাইক্রোবাসে করে এসে কয়েকজন যুবক মালবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দেন। এ ছাড়া তাঁরা একটি ট্রাকও ভাঙচুর করছিলেন। গাড়ি ভাঙচুরের সময় লোকজন শাহাব উদ্দিন ও জহিরুল ইসলামকে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে। জনতার ধাওয়ার মুখে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিন যুবক দাবি করেন, সাকা চৌধুুরীর নির্দেশেই তাঁরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিলেন। আজ ঢাকার পল্টন ময়দানে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাবেশ করতে না দেওয়ায় তাঁরা গাড়িতে ভাঙচুর ও আগুন দিচ্ছিলেন। এ জন্য সাকা চৌধুরী চন্দনাইশের বিএনপির নেতা এম এ হাশেম ওরফে রাজুকে দায়িত্ব দেন। কাল সোমবার তাঁদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, সলিমপুরের ঘটনায় একজন এবং বাঁশবাড়িয়ার ঘটনায় দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া তিন যুবকের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী সাকা চৌধুরীর নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ সরাসরি সাকা চৌধুরী নাম উল্লেখ না করে বলেন, ‘তিন যুবকই নাশকতার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকাকে বেছে নেন। বিএনপির এক শীর্ষ নেতার নির্দেশেই তাঁরা এ কাজ করছিলেন বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের বক্তব্য ধরে ঘটনার তদন্ত চলছে।’