ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনাপুররা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোরে মহাসড়কের ওই স্থানে ঢাকা থেকে চাঁদপুরগামী একটি বাসকে পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে চাঁদপুরগামী বাসটি রাস্তার ওপর কাত হয়ে পড়ে ও সাতজন যাত্রী আহত হয়। এরপর থেকেই মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রেকার দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা চলছিল।দুর্ঘটনায় আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে মালেক (৪২), হোসেন মোল্লা (২৭) ও মো. লুত্ফর রহমানকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। দুর্ঘটনা পর থেকে মহাসড়কে সৃষ্ট হওয়া যানজটে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।দাউদকান্দি উপজেলার হক মিয়া অভিযোগ করেন, ‘আজ সকাল সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে আড়াই ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। সরকারি ছুটির পরদিন দেরি করে কর্মস্থলে পৌঁছালে কর্তৃপক্ষের চোখ রাঙানো দেখতে হয়।’গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মো. আরিফ হোসেন খান জানান, বাসটি সরিয়ে নিলেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।গর্তের কারণে দীর্ঘ যানজট:টানা কয়েক দিনের বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে গাড়িগুলোকে খুবই ধীরগতিতে চলাচল করতে হয়। আজ ভোর চারটা থেকে উপজেলার বলদা খাল এলাকা থেকে জিংলাতলী পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অন্যদিকে মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে কটুম্বপুর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় চান্দিনা অংশের যানজট কমে আসে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (্এসআই) মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, সড়কের অন্যান্য স্থানে গাড়ির গতিবেগ ৮০ থেকে ৯০ কিলোমিটার হলেও গৌরীপুর অংশে কার্পেটিং ওঠে যাওয়ায় এখানে গতিবেগ শূন্যের কোঠায় নেমে আসে। দ্রুত সংস্কার না করলে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে। ঢাকা-হোমনা বাস মালিক সমিতির দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ শাহীন বলেন, গর্তের মধ্যে বালি ও ছোট ছোট ইট-সুরকি না ফেলে আস্ত ইট ফেলায় গাড়ির চাকা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই গাড়িগুলো আস্তে চলে।দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত ৪৫ কিলোমিটারের ১ নম্বর প্রকল্পের ব্যবস্থাপক এ কে সামছুদ্দিন আহমেদ বলেন, ঈদের অতিরিক্ত যানবাহনের চাপে এবং বৃষ্টির কারণে ঈদের আগে কার্পেটিংয়ের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি ও যানবাহনের চাপ কমলে অবশ্যই কার্পেটিং করা হবে।