ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপর স্ক্র্যাপ (জাহাজের নির্মাণে ব্যবহূত সামগ্রী) বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ায় আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০-৩৫ কিলোমিটার এলাকায় সৃষ্ট এই যানজটের কারণে দুর্ভোগে পোহাচ্ছে যাত্রীরা।প্রত্যক্ষদর্শী যাত্রী ও ভবেরচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা সেতু পার হওয়ার সময় স্ক্র্যাপ-বোঝাই একটি ট্রাকের পেছনের চাকা ফেটে গিয়ে ট্রাকটি বিকল হয়ে পড়ে। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।ভবেরচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলো ডটকমকে জানান, অতিরিক্ত ওজন বহন করায় ট্রাকটির চাকা ফেটে গেছে। ক্রেন দিয়ে ট্রাকটি সেতুর ওপর থেকে সরানো সম্ভব হয়েছে। তবে স্ক্যাপ সরানোর কাজ এখনো বাকি। বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।