ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনভর দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার দিনভর ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট ছিল। সন্ধ্যা সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট অব্যাহত রয়েছে। এতে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। মহাসড়কের দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই নামক স্থানে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাকা ফেটে গেলে মহাসড়কের একপাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দাউদকান্দি টোলপ্লাজা থেকে এ যানজটের সূত্রপাত হয়। সকাল আটটার দিকে দাউদকান্দি হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটিকে সরিয়ে নিলেও সকালের যানবাহনের চাপে কুমিল্লার চান্দিনা এলাকা থেকে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর পূর্ব এলাকা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের চিকিত্সক ফারজানা ইসলাম জানান, নিজ বাড়িতে আসার জন্য সকাল সাতটার সময় ঢাকা থেকে রওনা হয়ে এক ঘণ্টার পথ অতিক্রম করতে সাত ঘণ্টা লেগে যায়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ, দাউদকান্দি থানার পুলিশ, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ, গজারিয়া হাইওয়ে পুলিশ, কুমিল্লার হাইওয়ে সহকারী পুলিশ সুপার (পূর্বাঞ্চল) জাকির হোসেন যানজট নিরসনে দিনভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুমিল্লার হাইওয়ে সহকারী পুলিশ সুপার (পূর্বাঞ্চল) জাকির হোসেন বলেন, কাভার্ড ভ্যানের চাকা ফেটে মহাসড়কে যানজটের সূত্রপাত হলেও শুক্রবার ছুটির দিনে বনভোজনসহ অতিরিক্ত গাড়ির চাপে যানজট নিরসনে হিমশিম খেতে হয়।