ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
মেঘনা-গোমতী সেতুর ওপর ঢাকাগামী একটি বাস ও একটি ট্রাক বিকল হয়ে পড়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই জট কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। এতে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ বলেন, গতকাল রাতে পৌনে দুইটার দিকে সেতুতে বাস ও ট্রাক দুটি বিকল হয়ে পড়ে। পরে রেকার দিয়ে সরিয়ে নেওয়া হলেও রাতের ও সকালের যানবাহনের চাপে যানজট দীর্ঘ হয়। কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের যাত্রী সাংবাদিক আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে বলেন, সকাল পৌনে আটটায় দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালেও সকাল সাড়ে নয়টা পর্যন্ত তিনি একই জায়গায় আটকা পড়ে আছেন।চট্টগ্রামের হাটহাজারী থেকে কুড়িগ্রামগামী শ্যামলী বাসের যাত্রী পার্বতী রানী দাশ (৩২) বলেন, হাটহাজারী থেকে রাত ১২টার দিকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। ভোর পাঁচটায় দাউদকান্দির গৌরীপুরে পৌঁছার পর সকাল আটটা পর্যন্ত সেখানেই যানজটে আটকা পড়ে থাকতে হয়েছে। তাঁর নিজের ও শিশুসন্তানের অনেক সমস্যা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী শৌখিন পরিবহনের বাসের সুপারভাইজার ফিরোজ মল্লিক (৪১) ও যাত্রী ব্যবসায়ী পিয়ার আহমেদ (৪৫) জানান, রাত দুইটায় ভবেরচরে যানজটে আটকা পড়ে সকাল নয়টায় দাউদকান্দির আমিরাবাদ পর্যন্ত ১৯ কিলোমিটার অতিক্রম করতে সাত ঘণ্টা সময় লাগে।