ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট আরও বেড়েছে। এই যানজট গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত প্রায় ৬৬ কিলোমিটার দীর্ঘ হয়। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।হাইওয়ে পুলিশের ভাষ্যমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কারকাজ চলায় এবং ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের গাড়ির চাপ বাড়ার কারণে যানজট বিস্তৃত হয়েছে।এদিকে গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় যানজটের।গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে কাঁচপুর সেতু পেরিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে ছিল ঈদে ঘরমুখী মানুষ। এ সময় স্বল্পপাল্লার অনেক যাত্রী যানবাহন থেকে নেমে হাঁটা শুরু করে।চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসের যাত্রী পাবনার কাশীনাথপুরের ইমন খান ও যশোরের বসুন্দিয়ার আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় খাওয়া ও প্রাকৃতিক কাজ সারতে সমস্যা হয়। বাসের কয়েকজন নারী ও শিশুযাত্রী অসুস্থ হয়ে পড়ে।কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাসের ঢাকার সায়েদাবাদ থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যেতে সময় লাগে চার ঘণ্টা। এই বাসের চালক আবদুল কুদ্দুস বলেন, ২২ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিতে সাধারণত এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (পূর্বাঞ্চল) বেলায়েত হোসেন শিকদার গতকাল বিকেল চারটার দিকে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জীবনেও এত গাড়ি দেখিনি। গাড়ি চলছে, কিন্তু গাড়ির চাপ কমছে না।’চট্টগ্রামগামী হানিফ পরিবহনের যাত্রী শাহজাহান মিয়া ও নুরুল ইসলাম অভিযোগ করেন, পুলিশের গাফিলতির কারণে যানজট তীব্র হয়।যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, মহাসড়কে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে সহায়তার জন্য পুলিশ সকাল থেকেই দায়িত্ব পালন করছে। অতিরিক্ত যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।যোগাযোগ করা হলে কুমিল্লার আমতলী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া এলাকায় সংস্কারকাজ চলছে। এ কারণে একপাশ দিয়ে যানবাহন চলাচল করায় এবং ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তীব্র হয়েছে। যানজট বাড়ায় মহাসড়কের সংস্কারকাজ বন্ধ রাখতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে অনুরোধ করেছি। তারা আপাতত সংস্কারকাজ স্থগিত রাখবে বলে জানিয়েছে।’সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত: গতকাল দুপুর ১২টার দিকে দাউদকান্দির হরিপুর স্থানে আমিরাবাদ-কচুয়া সড়কে হাজীগঞ্জ থেকে ঢাকাগামী আল বারাকা পরিবহনের একটি বাস ফাহিম নামের এক স্কুলছাত্রকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ফাহিম স্থানীয় হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।বাবা ফিরোজ মিয়ার সঙ্গে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় বাসটি দ্রুত ফাহিমকে চাপা দেয়। দাউদকান্দি থানাধীন গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সৌরজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গতকাল সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং টাঙ্গাইলের দিকে সফিপুর বাজার ও আনসার একাডেমি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট হয়। প্রায় দুই ঘণ্টা পর বিকল হওয়া দুটি ট্রাক সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সন্ধ্যা ছয়টা বেজে যায়।কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহান মিয়া বলেন, সদর উপজেলার কোনাবাড়ীতে এলোপাতাড়ি গাড়ি চলাচল করায় গতকাল দুপুর থেকে যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচল একেবারে বন্ধ ছিল না। থেমে থেমে যানবাহন চলেছে। এ ছাড়া কালিয়াকৈরের চন্দ্রা এলাকায়ও গাড়ির অত্যন্ত চাপ ছিল।