ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
চাকা ফেটে দীর্ঘকায় একটি লরি বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে দীর্ঘ যানজট। আজ শুক্রবার ছুটির দিন থাকায় অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজটে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। কুমিল্লার বুড়িচংয়ের নিমসার এলাকা থেকে দাউদান্দির জিংলাতলি পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে এই যানজট।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার জানান, আজ সকাল ছয়টার দিকে চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় চাকা ফেটে ঢাকাগামী একটি দীর্ঘ লরি বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর বিকল লরিটি সরিয়ে নেওয়া হয়। তবে আজ ছুটির দিন হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। একই সঙ্গে কিছু যানবাহন এলোপাতাড়ি চলাচল করায় এ যানজট বিস্তৃত হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের যাত্রী নাজমুল হাসান বলেন, দাউদকান্দির গৌরীপুরে সকাল ১০টায় তিনি যানজটে আটকা পড়েন। চান্দিনার মাদাইয়া পর্যন্ত ১৮ কিলোমিটার অতিক্রম করতে তাঁর তিন ঘণ্টা সময় লেগেছে।নোয়াখালীর রায়পুর থেকে ঢাকাগামী জোনাকী পরিবহনের যাত্রী আয়াতুল্লাহ বলেন, বুড়িচংয়ের নিমসার এলাকা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার পথ যেতে তাঁর সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে।কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহন বাসের চালক শহীদুর রহমান বলেন, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে সময় ও তেলের অপচয় হচ্ছে।