ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত এলাকা যানজট মুক্ত হয়েছে। সড়কের যান চলাচল এখন স্বাভাবিক। এই এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত তিনটা থেকে বিচ্ছিন্নভাবে প্রায় ৮০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের হাবিলদার কামরুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, এলোপাতাড়িভাবে অতিরিক্ত যানচলাচলের কারণে এবং আজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় মহাসড়কের দাউদকান্দির জিংলাতলীতে লরি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় ঈদ উপলক্ষে ঘরমুখো হাজারো যাত্রীর। অনেক যাত্রী ভোররাতে সেহরিও খেতে পারেননি, তবে আজ বেলা ১১টার পর যানজট কমতে শুরু করে।চট্টগ্রাম থেকে রাত ১১টায় ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের যাত্রী পোশাকশ্রমিক সুমী (২২) জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে ভোররাত তিনটায় যানজটে আটকা পড়ে গাড়ি। ছয় ঘণ্টা পর সকাল নয়টায় দাউদকান্দির গৌরীপুরে পৌঁছায়। অথচ রাত তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।একই সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের যাত্রী নৌবাহিনীতে কর্মরত সামছুদ্দোহা রিপন বলেন, স্ত্রী, আট ও সাড়ে তিন বছরের দুই মেয়েকে নিয়ে তিনি দীর্ঘ সময় যানজটে আটকা পড়েন। যানজটের কারণে বাসের যাত্রীরা সেহরিও খেতে পারেননি। হাইওয়ে পুলিশের কুমিল্লার পূর্বাঞ্চলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন দাউদকান্দির গৌরীপুর চৌরাস্তার মোড়ে দায়িত্ব পালনকালে বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লরি অন্যত্র সরানোর সময় দেড় ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। অতিরিক্ত ও এলোপাতাড়ি যানচলাচলের কারণেও যানজট তীব্র আকার ধারণ করে।সড়ক দুর্ঘটনাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত কাভার্ড ভ্যানের চালক কাজী লিটন (৪০) ও সহকারী স্বপনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কাজী লিটন মারা যান। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর গ্রামে।