ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার গোমতী এলাকা থেকে দাউদকান্দির রাজারহাট পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তায় গতকাল সোমবার রাত থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত ছিল। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের রায়পুর নামক এলাকায় ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের উভয় পাশে যানজট শুরু হয়। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকার এনে বিকল ট্রাকটি সরিয়ে নেয়। ভোররাত চারটার দিকে আবারও রায়পুর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই যানজট আরও দীর্ঘ হতে থাকে। সকাল আটটার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলেও রাতের যানজটের সঙ্গে দিনের বেলায় যানবাহনের চাপ বাড়তে থাকে।মেহেদী হাসান আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন তাত্ক্ষণিক রেকার দিয়ে সরিয়ে নেওয়া হলেও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে।চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এক্সপ্রেসের বাসের যাত্রী চাকরিজীবী আনোয়ার হোসেন ও সুপারভাইজার সোহেল রানা জানান, দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে ১০ কিলোমিটার পথ পার হতে তিন ঘণ্টা সময় লেগেছে।