ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক বিকল হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে এ যানজট চান্দিনা উপজেলার মাধাইয়া ছাড়িয়ে গেছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপর চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়ে পড়লে এ যানজট শুরু হয়। সকালে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।কক্সবাজার থেকে ঢাকাগামী এসএ পরিবহনের বাসের চালক আবুল হোসেন (৪৫) প্রথম আলো অনলাইনকে বলেন, কক্সবাজার থেকে রাত নয়টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সকাল ছয়টায় ঢাকায় পৌঁছার কথা। কিন্তু ভোর চারটার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় যানজটে আটকা পড়ে ১৮ কিলোমিটার আসতে পাঁচ ঘণ্টা সময় লাগে। অথচ সকাল নয়টায় তাঁরা দাউদকান্দির গৌরীপুর এলাকায় পৌঁছতে পেরেছে।চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চালক আবুল হোসেন (৫৫) বলেন, ভোর পাঁচটায় মেঘনা-গোমতী সেতু এলাকায় যানজটে আটকা পড়ে নয় কিলোমিটার পথ অতিক্রম করতে চার ঘণ্টা সময় লেগেছে।দাউদকান্দির ঢাকারগাঁও গ্রামের অটোরিকশার চালক মুকুল (৩৫) বলেন, ‘বৃহস্পতিবার ও শুক্রবার আসলে জানে পানি থাকে না। যানজট হলে মালিকের জমার টাকা ওঠানো কষ্ট হয়ে যায়।’দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রাক বিকল হওয়ায় এ যানজট সৃষ্টি হয়। সকালে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে রেকার এনে ট্রাকটি সরানো হলেও সকালের যানবাহনের চাপে যানজট আগের অবস্থায় রয়ে গেছে।