ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ যানজট অব্যাহত রয়েছে। মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে শুরু করে কুমিল্লার নিমসার পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।গতকাল রাতে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আজ সকাল সাতটার দিকে দাউদকান্দি হাইওয়ে পুলিশ কুমিল্লা থেকে রেকার এনে দুর্ঘটনায় পড়া ট্রাকটি সরিয়ে নেয়। এর পরও সকালের যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে আটকা পড়া নোয়াখালীগামী যাত্রী মুন্নী (২৫) জানান, নিজের তিন সন্তান মালিহা (৭), নিলয় (৪), নাহিয়া (১); মা জাহানারা (৬০) এবং দুই বোন নাজমুন নাহার (১৮) নুরুন্নার (২০) নিয়ে সিলেট থেকে সোনাপুর যাওয়ার পথে রাত তিনটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত দাউদকান্দির বারপাড়ায় আটকা পড়ে থাকেন। এ সময় শৌচাগার, পানি, খাবারের অভাবে পড়ে বাচ্চারা চিত্কার করতে থাকে। ওই বাসের চালক আবদুল হক (৪৮) বলেন, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা ভাঙা হওয়ায় এ সড়কে এসে এই সমস্যায় পড়তে হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দন কান্তি ধর বলেন, দুর্ঘটনার পর রেকার এনে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।