ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে তীব্র যানজট
যানজটে স্থবির হয়ে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকা। এ সড়কে গতকাল বুধবার রাতে কয়েকটি যানবাহন বিকল হয়ে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। এ যানজট গজারিয়ার ভবেরচর থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ, শহীদনগর ও আমিরাবাদ এলাকা পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার রাস্তায় ছড়িয়ে পড়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ভজন সাহা প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার রাত নয়টার দিকে মেঘনা-গোমতী সেতুর পশ্চিমাংশে ঢাকাগামী একটি গমবোঝাই ট্রাক বিকল হয়, এতে গজারিয়ার ভবেরচর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এ ছাড়া দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে দাউদকান্দির শহীদনগর ও আমিরাবাদ এলাকায় আরও দুটি বালুবোঝাই ট্রাক বিকল হয়। পুলিশ রেকার দিয়ে এসব বিকল ট্রাক অন্যত্র সরিয়ে নিলে এ সড়কে যান চলাচল আবার শুরু হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানবাহনের চাপে এ এলাকার যানজট এখনো কাটেনি। আজ বৃহস্পতিবার সকালেও এ এলাকায় তীব্র যানজট অব্যাহত ছিল। পুলিশ বৃহস্পতিবার সকালেও যানজট দূর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।