ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৪ কিলোমিটার যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় এক সড়ক দুর্ঘটনার পর আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে ধীতপুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কুমিল্লা থেকে রেকার এনে সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে নিলে রাস্তার এক পাশ দিয়ে যান চলাচল শুরু হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘ভোর পাঁচটার দিকে শহীদনগরে ঢাকাগামী ওই কাভার্ড ভ্যান ও চট্টগ্রামগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান দুটির চালক ও হেলপারসহ তিনজন আহত হন।’