ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা চৌদ্দগ্রামের গুণবতী স্টেশনে লাইনচ্যুত হওয়া চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির উদ্ধারকাজ শেষ হওয়ায় টানা সাড়ে সাত ঘন্টা পর এ রুটে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত সাড়ে আটটার দিকে ট্রেনটির উদ্ধার কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়ে ওঠে। ফেনী ও লাকসাম জিআরপি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন গুণবতী রেলস্টেশনে পৌঁছায়। এ ঘটনায় চট্টগ্রাম, সিলেট ও ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন ফেনী, নাঙ্গলকোট, লাকসাম ও কুমিল্লা স্টেশনে আটকা পড়েছিল। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।গুণবতী রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, উদ্ধারকারী ট্রেনটি রাত সাড়ে আটটার দিকে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটিকে উদ্ধার করার পরপরই ওই রুটে ট্রেন চলাচল শুরু করেছে।লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।