ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল দুই ঘণ্টা বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনের কাছে আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় আজ শুক্রবার দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ ছিল। বেলা একটার দিকে বিকল ট্রেনটিকে সরিয়ে অন্য লাইনে নেওয়ার পর ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কসবা স্টেশনে পৌঁছার আগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বেলা ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কসবা স্টেশনে থাকা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন খুলে ওই বিকল ট্রেনে লাগিয়ে এটিকে দুই নম্বর লাইনে নিয়ে আসা হয়। বিকল ট্রেনটিকে সরানো পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ও কয়েকটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।এদিকে উপকূলের যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশন মাস্টারের কক্ষে হামলা চালাতে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ক্ষুব্ধ যাত্রীরা প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল করে।উপকূল এক্সপ্রেসের চালক এ কে এম মিয়াজি বলেন, প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন বিকল হয়ে গেছে। এটি এখন মেরামত করা সম্ভব নয়, তাই বিকল্প ইঞ্জিন ছাড়া উপায় নেই।চট্টগ্রাম রেলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সায়েদ আলী বলেন, কসবার কাছাকাছি আখাউড়া স্টেশনে বিকল্প ইঞ্জিন নেই, তাই দেরি হচ্ছে। মনতলা থেকে ২৬১২ ইঞ্জিন পাঠানো হচ্ছে।