ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ চালু
প্রায় নয় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে যোগাযোগ চালু হয়েছে। গতকাল রোববার রাত তিনটার দিকে একটি ডাউন ট্রেনের ইঞ্জিন বিকল হয় পড়ে। এতে ওই সময় থেকে আজ সোমবার বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ ছিল। ফেনীর রেলস্টেশন মাস্টার ডি কে বিশ্বাস জানান, ফেনীর দেওয়ানগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় গতকাল রাত তিনটার দিকে একটি ডাউন ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। সেটি উদ্ধার করতে লাকসাম থেকে ফেনীতে একটি উদ্ধারকারী ট্রেন আসে। উদ্ধারকাজের সময় দুর্ঘটনাকবলিত ডাউন ট্রেনের একটি বগি ছিটকে রেললাইনের বাইরে গিয়ে পড়ে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে উদ্ধারকাজ শেষ হলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলস্টেশন মাস্টার আরও জানান, দুর্ঘটনা স্থলের দুই পাশে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, তূর্ণ নিশিথা, চট্টগ্রামগামী ঢাকা মেইল, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস আটকা পড়ে।