ঢাকা-চট্টগ্রাম রেলপথ সচল ৭ ঘণ্টা পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে ভৈরব-ময়মনসিংহ রেলপথ সচল হয়েছে। সাত ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথ।একই দিন পৃথক দুটি দুর্ঘটনার কারণে রাজধানীর সঙ্গে পূর্বাঞ্চলীয় রেলপথে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। অসংখ্য যাত্রীকে ভৈরব, নরসিংদীসহ আশপাশের স্টেশনে রাত কাটাতে হয়।এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য বাংলাদেশ রেলওয়ের প্রধান দপ্তর থেকে পৃথক দুটি তদন্ত দল গঠন করা হয়েছে। তিন সদস্যের এই তদন্ত দলকে আগামী তিন দিনের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।নরসিংদী ও ভৈরব রেলওয়ের স্টেশনমাস্টারের কার্যালয় থেকে জানানো হয়েছে, নরসিংদীর ঘোড়াশাল স্টেশনের কাছে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয় গত বুধবার রাত থেকে। রাত ১২টার দিকে রেলপথ ট্রেন চলাচলের উপযোগী হয়। টানা সাত ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অর্ধডজন আন্তনগর, বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেনের গড়ে পাঁচ ঘণ্টা করে যাত্রা বিলম্বিত হয়।ভৈরবে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটির উদ্ধারকাজ শেষে লাইন সচল করতে সময় লাগে ২৪ ঘণ্টা। গতকাল ভোর ছয়টা থেকে লাইন ট্রেন চলাচলের উপযোগী হওয়ার পর ভৈরব-ময়মনসিংহ রেলপথ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে। দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রীকে পড়তে হয় চরম দুর্ভোগে।ট্রেন দুর্ঘটনার কারণে ভৈরব স্টেশনে রাত কাটাতে হয় জামালপুরের সরিষাবাড়ীর আবদুল কুদ্দুস মিয়াকে (৪০)। তিনি মুরগি ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে ভৈরবে এসে আবার জামালপুরে যেতে স্টেশনে এসেছিলেন।কুদ্দুস মিয়া প্রথম আলোকে বলেন, ‘প্রচণ্ড গরম। নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাতে হয়েছে। উপায় না থাকায় রেলযাত্রী হতে হচ্ছে। বিকল্প থাকলে হতাম না।’একই কারণে রাত কাটাতে হয় ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা হাসিব আলীকে (৩৫)। তিনিও ব্যবসায়ী। তিনি আন্তনগর মহানগর ট্রেনের যাত্রী হয়েছিলেন। দুর্ঘটনার কারণে তাঁকে বুধবার নরসিংদী স্টেশনে রাত কাটাতে হয়েছে। তিনি বলেন, ‘আমার মতো অসংখ্য যাত্রী চরম কষ্ট শিকার করে স্টেশনে রাত কাটিয়েছেন। গরমের সঙ্গে যোগ হয়েছে টয়লেট সমস্যা।’নরসিংদী স্টেশনমাস্টার মরণ দাস বলেন, দুর্ঘটনায় প্রতিটি ট্রেনের গড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা করে যাত্রা বিলম্বিত হয়। তবে রাত ১২টার পর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।ভৈরব স্টেশনমাস্টার আবদুল মোতালিব বলেন, ভৈরবে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার হয় আজ (বৃহস্পতিবার) ভোর ছয়টায়। এর পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের দুটি বগি নরসিংদীর ঘোড়াশাল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। একই দিন ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয় ভৈরব স্টেশনের কাছে।