নরসিংদীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণে আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের আখাউড়া জংশনের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।যাত্রা বাতিল হওয়া ট্রেন তিনটি হলো—চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল।মহানগর প্রভাতী সকাল সাতটার দিকে এবং চট্টলা এক্সপ্রেস দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। অন্যদিকে চট্টগ্রাম মেইল ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।বাংলাদেশ রেলওয়ের আখাউড়া জংশনের নিয়ন্ত্রণকক্ষ থেকে আরও জানানো হয়েছে, গতকালের দুর্ঘটনাকবলিত আন্তনগর মহানগর গোধূলি ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর পর আজ সকালে সেটি মহানগর প্রভাতী নাম ধারণ করে ঢাকায় আসার কথা ছিল। দুর্ঘটনাকবলিত অপর ট্রেন চট্টলা এক্সপ্রেস রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। পরে ট্রেনটি ‘চট্টগ্রাম মেইল’ নাম ধারণ করে আবার চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। সেখান থেকে আবার ‘চট্টলা’ নাম নিয়ে ঢাকায় আসার কথা ছিল। এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী রেলপথের অন্য ট্রেনগুলো চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্বে চলাচল করছে বলেও রেলওয়ে সূত্রে জানানো হয়েছে।গতকাল বুধবার নরসিংদীতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন চালকসহ অন্তত ১৩ ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে।