ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলস্টেশনে আন্তনগর ট্রেন মহানগরের যাত্রাবিরতির দাবিতে উপজেলার বিনাউটি ও গোপীনাথ ইউনিয়নের ১৩টি গ্রামের বাসিন্দা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।জানা যায়, ইমামবাড়ি রেলস্টেশনে আন্তনগর ট্রেন মহানগরের যাত্রাবিরতির দাবিতে সকাল ১০টার দিকে ওই ১৩টি গ্রামের বাসিন্দারা হাতে লাল পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়ে রেললাইন অবরোধ করে রাখে। এ সময় তারা খণ্ড খণ্ড মিছিল করে বিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বিক্ষোভকারীদের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য বলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেয়।ইমামবাড়ি স্টেশন মাস্টার নাজিম উদ্দিন বলেন, বিক্ষুব্ধ জনতা তাঁর চাবি ছিনিয়ে নিতে চায় ,কিন্তু তা না পেরে তাঁকে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁকে তুলে নিতে চাইলে আরেক পক্ষ এসে তা ঠেকায়।