ঢাকা চট্টগ্রাম সিলেট মহানগরে টিকাদানের হার কম
স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে কাজের সমন্বয় নেই বলে তিনটি মহানগরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। ইপিআই কার্যক্রমের মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, টিকা দেওয়ার ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন পিছিয়ে আছে; বিশেষ করে এসব মহানগরের বস্তিগুলো।মূল্যায়ন প্রতিবেদন (ইপিআই কাভারেজ ইভাল্যুয়েশন সার্ভে, ২০১১) অনুযায়ী বাংলাদেশে ইপিআইয়ের আওতায় আসা শিশুর হার ৮০ দশমিক দুই শতাংশ। কিন্তু সিলেট সিটি করপোরেশনে এই হার ৬২ শতাংশ। চট্টগ্রাম ও ঢাকা সিটি করপোরেশনে যথাক্রমে ৭৬ দশমিক আট এবং ৭৭ দশমিক নয় শতাংশ। ঢাকার বস্তি এলাকায় টিকা পাচ্ছে ৭৪ দশমিক এবং শতাংশ এবং চট্টগ্রামের বস্তি এলাকায় এই হার ৭১ দশমিক আট শতাংশ। ৯০ শতাংশ শিশুকে বিনা মূল্যে টিকা দেওয়ার সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে এসব অঞ্চলের কারণে।ইপিআই সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, গ্রামাঞ্চলে সেবা দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে। কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ তথ্য পাচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালেও টিকা দেওয়া হয়। সারা দেশে এক লাখ ২০ হাজার টিকাদানকেন্দ্র আছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে উপযুক্ত শিশুদের চিহ্নিত করেন এবং সে অনুযায়ী শিশুরা টিকা পায়। প্রতি মাসে জেলা পর্যায়ের সমন্বয় সভায় কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সরকারি কর্মকর্তারা বলেন, শহরে স্বাস্থ্যসেবা কাঠামো দুর্বল। শহরে টিকাদানকেন্দ্রের সংখ্যা মাত্র ২০ হাজার। সিটি করপোরেশনগুলো এনজিওদের মাধ্যমে সেবা দেয়। কিন্তু এনজিওদের কাজের নজরদারির ব্যবস্থা নেই।ইপিআইয়ের উপকর্মসূচি ব্যবস্থাপক তাজুল ইসলাম এ বারী প্রথম আলোকে বলেন, জেলা শহর ও গ্রামাঞ্চলে টিকা দেওয়ার কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু সিটি করপোরেশনগুলোতে এ দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু টিকা সরবরাহ করে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান প্রথম আলোকে বলেন, ‘ইপিআই বাস্তবায়ন করা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্থানীয় সরকার মন্ত্রণালয় মহানগরগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহযোগিতা দিয়ে থাকে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রম চালানোর মতো সক্ষমতা আমরা এখনো অর্জন করিনি।’ পিছিয়ে পড়ার কারণ: মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে শিশুদের টিকাদান কর্মসূচি থেকে ঝরে পড়ার হার বেশি। গ্রামাঞ্চলে সাত দশমিক এক শতাংশ শিশু ঝরে পড়ছে, শহরাঞ্চলে এই হার সাত দশমিক ছয় শতাংশ। গ্রামাঞ্চলের ৭৮ শতাংশ পরিবার টিকার কার্ড সংরক্ষণ করছে, শহরাঞ্চলে ৭৪ শতাংশ পরিবার। শিশুদের সবগুলো টিকা না দেওয়ার কারণ সম্পর্কে গ্রামাঞ্চলে অভিভাবকদের এক-তৃতীয়াংশ জরিপকারীদের বলেছেন, টিকা দিলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। একই বিষয়ে শহরাঞ্চলের অভিভাবকেরা ব্যস্ত থাকা, টিকা দেওয়ার তারিখ ভুলে যাওয়া এবং শিশুর অসুস্থতার কথা জানিয়েছেন। তবে গ্রামাঞ্চলের বাসিন্দাদের তুলনায় শহরাঞ্চলের বাসিন্দারা টিকা দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বেশি জানেন। সিলেট সিটি করপোরেশনের ইপিআই কর্মসূচির ব্যবস্থাপক গোপাল চন্দ প্রথম আলোকে বলেন, অভিভাবকেরা নির্দিষ্ট দিনে শিশুদের টিকা দিতে আনেন না। সে কারণে সিলেটে টিকা দান কর্মসূচির আওতায় আসা শিশুর সংখ্যা কম। তবে কারা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে সিলেটের বিলপাড় এলাকার বাসিন্দা আফসানা হক বলেন, শহরে টিকাদান কর্মসূচি নিয়ে কোনো প্রচার চালানো হয় না। তিনি তাঁর প্রতিবেশীদের সঙ্গে সন্তানকে টিকাদানকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। এক ডোজ টিকা দেওয়া হয়েছে। আবার কবে যেতে হবে সে সম্পর্কে কেন্দ্র থেকে কিছু বলা হয়নি।ঢাকা ও চট্টগ্রামের বস্তি এলাকার এবং সিলেট মহানগরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই শিশুকে টিকা দিতে হবে—এটা জানে। কিন্তু প্রথম জন্মদিনের আগে চারবার টিকাকেন্দ্রে গিয়ে টিকা দিতে হবে, তা তাদের জানা নেই। তারা অভিযোগ করে শহরাঞ্চলে এ মানুষগুলোর মধ্যে সচেতনতা সৃষ্টির কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। অনেক সময় এনজিওগুলোর স্থায়ী কোনো টিকাদানকেন্দ্র থাকে না। সপ্তাহের একেক দিন একেক জায়গায় তারা ভ্রাম্যমাণ ক্লিনিক থেকে সেবা দিয়ে থাকে। কারওয়ান বাজার বস্তির বাসিন্দা হারুপা বেগম প্রথম আলোকে বলেন, মিরপুরে থাকার সময় সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে তাঁর ১০ মাস বয়সী মেয়েকে দুবার টিকা দিয়েছেন। কারওয়ান বাজারে আসার পর টিকাকেন্দ্রে গেলে তাঁকে মিরপুরে যেতে বলা হয়। তিনি মিরপুরে যাননি, মেয়েটিও টিকা পায়নি। অপর নারী সুমি বেগম বলেন, মোহাম্মদপুর বস্তিতে আগুন লাগায় তাঁর ছেলে ইয়াসিনের টিকার কাগজ পুড়ে যায়। সিটি করপোরেশন কার্যালয়ে কয়েকবার গিয়েও করণীয় জানতে পারেননি। এনজিও পরিচালিত এক ক্লিনিকে গেলে ৬০ টাকা দাবি করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, একমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনে ইপিআই কার্যক্রম চালানোর জন্য আলাদা জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সরকারি নির্দেশনা মেনে কাজ করছি। তবে চট্টগ্রামের বস্তি এলাকায় ভাসমান লোকের সংখ্যা বেশি। তাই সব শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনা সম্ভব হচ্ছে না।’ চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব বলেছেন, সিটি করপোরেশন এলাকার বস্তিগুলোতে কিছু শিশু টিকা কার্যক্রম থেকে কেন বাদ পড়ছে, তা খতিয়ে দেখে হচ্ছে।প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন চট্টগ্রামের প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল ও সিলেটের নিজস্ব প্রতিনিধি সুমনকুমার দাশ।