ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। ফেনী রেলস্টেশনের অদূরে ফতেহপুর এলাকায় আজ শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ওই সব রুটে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ফেনী রেলস্টেশনের মাস্টার মো. মাহবুবুর রহমান জানান, আজ সকাল নয়টা ৪০ মিনিটে প্রভাতী ট্রেনটি ফেনী স্টেশন ছেড়ে যায়। মাত্র চার কিলোমিটার পথ যাওয়ার পর ফেনী ও শর্শদি রেলস্টেশনের মাঝামাঝি ফতেহপুর এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম থেকে একটি ইঞ্জিন এনে বিকল ট্রেনটি শর্শদি স্টেশনে নিয়ে যাওয়া হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে। পরে চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন এনে মহানগর প্রভাতীতে সংযুক্ত করা হয়। বেলা দেড়টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।