ছাত্রলীগের নেতা গ্রেপ্তারের প্রতিবাদে
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার প্রতিবাদে তাঁর সমর্থকেরা আজ সোমবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রেললাইন অবরোধ করে রাখেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রথম আলো অনলাইনকে বলেন, মাহমুদুল হক ভূঁইয়ার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গতকাল রোববার রাত পৌনে নয়টায় শহরের কোর্ট রোড এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে তাঁর সমর্থকেরা কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরসহ শহরের পাইকপাড়া, কাজীপাড়া, গোকর্ণঘাট, কুমারশীলের মোড়সহ বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। সকাল ১০টায় দিকে পৌর সুপার মার্কেটের সামনে অজ্ঞাত একদল যুবক কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।একই সঙ্গে বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় রেললাইন অবরোধ করে রাখে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর মহানগর, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রবসহ পুলিশের ১০ জন সদস্য ও সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ এ সময় শতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।গতকাল রাতেই মাহমুদুল হকের সমর্থকেরা আটটি গাড়ি ভাঙচুর করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।আটকে পড়া জয়ন্তিকার যাত্রী আসমত আলী বলেন, ট্রেন অবরোধের কারণে আড়াই ঘণ্টা আটকে থাকতে হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রথম আলো অনলাইনকে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতামূলক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।