ঢাকা-চট্টগ্রামে ট্রেনের যাত্রী বাড়ছে, টিকিট পাওয়া দুষ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফুর রহমান একজন প্রকৌশলী। প্রকৌশলীদের জাতীয় সম্মেলনে যোগ দিতে ২ জানুয়ারি তিনি ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। তিনি চট্টগ্রামে আসার জন্য গত ২৬ ডিসেম্বর কমলাপুর স্টেশনের কাউন্টারে গিয়ে ট্রেনের কোনো টিকিট পাননি। পরে বাধ্য হয়ে বাসে করে তিনি চট্টগ্রামে আসেন।একইভাবে চট্টগ্রাম থেকেও সাত দিন আগে গিয়ে ঢাকা বা দেশের অন্য কোথাও যাওয়ার ট্রেনের টিকিট পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিহীন একজোড়া ট্রেন চালানোর জন্য বিভিন্ন সময়ে পর্যাপ্ত শীতাতপনিয়ন্ত্রিত কোচ আনা হয়েছিল। কিন্তু ইঞ্জিনের সংকটের কারণে এই ট্রেন চালু করা যায়নি।রেলওয়ে সূত্র জানায়, যাত্রার অন্তত নয় দিন আগে ট্রেনের টিকিট উন্মুক্ত করা হয়। উন্মুক্ত করার দু-তিন দিনের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। যাত্রীদের চাপের কারণে প্রতিদিন কোনো না কোনো আন্তনগর ট্রেনে বাড়তি কোচ সংযোজন করা হচ্ছে। যেমন ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেসের ১৮টি কোচে ৮৯৪টি আসন রয়েছে। যাত্রীদের চাপে প্রায়ই এই ট্রেনে বাড়তি বগি লাগাতে হয়। একইভাবে মহানগর গোধূলী ও তূর্ণা এক্সপ্রেসে প্রায় প্রতিদিনই একটি করে শীতাতপনিয়ন্ত্রিত বাড়তি কোচ সংযোজন করা হচ্ছে। এর পরও যাত্রীসংকুলান হচ্ছে না। বাড়তি কোচ সংযোজনের পর এই দুটি ট্রেনের আসনসংখ্যা যথাক্রমে ৮৯৮ ও ৮৫৩টি হয়েছে। অথচ প্রতিদিন টিকিট বিক্রি হচ্ছে ৯৫০ থেকে এক হাজার। অনুরূপ চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেসের ৭২৪টি আসনের বিপরীতে প্রতিদিন ৮৫০টি টিকিট বিক্রি হচ্ছে।চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক এম এ গণি প্রথম আলোকে বলেন, যাত্রার নয় দিন আগে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দু-তিন দিনের মধ্যেই এই টিকিট শেষ হয়ে যায়। আর স্লিপিং বার্থের জন্য তো টিকিট উন্মুক্ত করার প্রথম দিনই ভোরবেলায় কাউন্টারে যাত্রীদের ভিড় থাকে।যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসের তুলনায় ট্রেনের ভাড়া কম। ট্রেনে আরামদায়ক ভ্রমণ এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছা যায়। এ ছাড়া সড়কপথে ঘন ঘন দুর্ঘটনা, মহাসড়কের অনেক স্থানে বেহালদশা, বিরক্তিকর যানজট ইত্যাদি কারণে যাত্রীরা ট্রেনে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই ট্রেনে যাত্রীদের চাপ বাড়ছে।প্রতিবছর যাত্রী বেড়েছে: ২০০৭-২০০৮ অর্থবছরে রেলওয়ে পূর্বাঞ্চলে তিন কোটি ২৪ লাখ যাত্রী যাতায়াত করেছে। ২০০৮-২০০৯ অর্থবছরে যাত্রীসংখ্যা বেড়ে তিন কোটি ৮৮ লাখ ৫০ হাজারে উন্নীত হয়েছে। ২০০৯-২০১০ অর্থবছরের প্রথম তিন মাসে (গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলে ৯৬ লাখ ৮৪ হাজার যাত্রী পরিবহন হয়, যা একই সময়ে গত অর্থবছরের তুলনায় ১৯ লাখ বেশি।যাত্রী বাড়ার কথা নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা এস এম মুরাদ বলেন, মাত্র ১৫০ টাকায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়া যায়। অথচ এই পথে সাধারণ (নন এসি) বাসের ভাড়া ৩০০ টাকা। একইভাবে শীতাতপনিয়ন্ত্রিত টিকিটির দাম শীতাতপনিয়ন্ত্রিত বাসের প্রায় অর্ধেক। তা ছাড়া আন্তনগর ট্রেন নির্দিষ্ট সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এসব কারণে যাত্রীরা ট্রেনে চড়তে আগ্রহী হচ্ছে।নতুন ট্রেন চালু হচ্ছে না: ট্রেনে যাত্রীদের চাপ বাড়তে থাকায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন একজোড়া শীতাতপনিয়ন্ত্রিত ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য বিদেশ থেকে শীতাতপনিয়ন্ত্রিত বগিও আনা হয়। নতুন ট্রেন সকাল সাতটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে এবং বিকেল সোয়া চারটায় আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ইঞ্জিনের সংকটের কারণে এ উদ্যোগ ভেস্তে গেছে।রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিবহন ব্যবস্থাপক মো. ফিরোজ ইফতেখার বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে একজোড়া নতুন ট্রেন চালুর জন্য শীতাতপনিয়ন্ত্রিত ১৩টি কোচ পাওয়া গিয়েছিল। কিন্তু প্রয়োজনীয় ইঞ্জিন না পাওয়ায় ওই ট্রেন আর চালু করা যায়নি।রেল সূত্র জানায়, পূর্বাঞ্চলের আন্তনগর রুটে প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী ১৭ জোড়া বা ৩৪টি ট্রেন চলাচল করে। পাশাপাশি আন্তজেলা ‘মেইল এক্সপ্রেস’ হিসেবে ৪০টি এবং শাখা লাইনে আরও ৭৯টি ট্রেন চলাচল করে। এসব ট্রেনের নির্দিষ্ট সময়ে চলাচল করতে গেলে ন্যূনতম ১১৫টি (লোকোমেটিভ) ইঞ্জিন দরকার। অথচ প্রতিদিন চলাচলের উপযোগী ইঞ্ছিন পাওয়া যাচ্ছে ৯৫-৯৬টি। আবার সচল ইঞ্জিনের মধ্যে প্রায়ই ছোটখাটো ত্রুটি ধরা পড়ছে। তাই বাস্তবে ইঞ্জিনের সংকট অনেক।