ঢাকা-চট্টগ্রামে সেলিম স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাবমান নাটকে তিনি লিখেছিলেন, ‘সে মৃত্যুকষ্ট জয়ী হোক, সে দুঃখ জয়ী হোক/ শোক পারায়ে যাক সবল পায়ে...’। তাঁর উক্তি স্মরণ করেই সেলিম আল দীনকে তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলেন সুহূদ ও অনুজেরা। দৃঢ় প্রত্যয় জানালেন তাঁর দেখিয়ে দেওয়া পথ ধরে কর্মপ্রয়াস অব্যাহত রাখার।শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে আয়োজিত স্মরণ উৎসবে সমাগতরা জানিয়ে দিলেন, চলে যাওয়া মানে বিচ্ছেদ নয়। দেহান্তর মানেই মানুষের নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। সেলিম আল দীনের ছবিতে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন সবাই। শুক্রবার সন্ধ্যায় এভাবেই শুরু হলো চার দিনব্যাপী সেলিম আল দিন স্মরণোৎসব। সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।একাডেমীর পরীক্ষণ থিয়েটারের লবিতে স্মরণোৎসবের উদ্বোধন করেন নাট্যজন আতাউর রহমান। নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেছা, বাবুল বিশ্বাস প্রমুখ। এ সময় শিমূল ইউসুফের নেতৃত্বে ঢাকা থিয়েটার পরিবেশন করে ‘রবীন্দ্রভুবনে সেলিমের ভ্রমণ’। এতে তাঁর নাটকে ব্যবহূত রবীন্দ্রসংগীতগুলো পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কামরুল হাসানের গ্রন্থনায় সেলিম আল দীন: অর্ধ সমাপিত গীত! গ্রন্থের মোড়ক উন্মোচন করেন একাডেমীর চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। প্রদর্শিত হয় সেলিম আল দীনকে নিয়ে এষা ইউসুফ নির্মিত তথ্যচিত্র এই যে আমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। এরপর মঞ্চায়িত হয় সেলিম আল দীন রচিত ও নির্দেশিত ঢাকা থিয়েটারের নাটক ধাবমান।আজ শনিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মরণযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে দ্বিতীয় দিনের উৎসব শুরু হবে। এদিন বিকেলে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ‘সেলিম আল দীন স্মারক বক্তৃতা’ করবেন আফসার আহমদ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দিনাজপুরের কবিগানের লড়াই। উৎসবের তৃতীয় দিন রোববার মঞ্চায়িত হবে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক কিত্তনখোলা। উৎসবের শেষ দিন ১৬ জানুয়ারি মঞ্চস্থ হবে সাভারের বুনন থিয়েটারের নাটক চাকা। সব নাটকই পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে।এদিকে, একই সঙ্গে চট্টগ্রামেও শুরু হয়েছে দুই দিনের স্মরণানুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমীতে এ উৎসবের আয়োজনে সেলিম আল দীন ফাউন্ডেশনের সঙ্গে রয়েছে নাট্যধারা ও প্যান্টোমাইম মুভমেন্ট। প্রথম দিন গতকাল শুক্রবার সকালে ছিল সেমিনার। এতে প্রবন্ধ পাঠ করেন রেজওয়ান রাজন। সন্ধ্যায় গণায়ন নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে সংবাদ কার্টুন। এরপর পার্বত্য আদিবাসী আখ্যান ভগা কাইন পরিবেশন করে চট্টগ্রাম নাট্যধারা।আজ শনিবার অরিন্দম নাট্য সম্প্রদায়ের পরিবেশনা বাসন নাটকের সঙ্গে থাকবে প্যান্টোমাইম মুভমেন্টের মূকনাট্য প্রাচ্য।