গত রোববার রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে ১১টি পাখি চুরির অভিযোগে নৈশপ্রহরী সর্দার নূরুল হক ও শংকর লাল মৃধাকে গ্রেপ্তার করেছে শাহআলী থানা পুলিশ। আজ সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন শাহআলী থানার উপপরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন সিকদার। এদিকে রহস্যজনক পাখি চুরির এই ঘটনার পর আজ সকালে ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করেছেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই। কিউরেটর এ বি এম শহীদ উল্লাহ প্রথম আলো ডটকমকে জানান, প্রতিমন্ত্রী ঢাকা চিড়িয়াখানার নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। বিকেলে র্যাবের একটি দল চিড়িয়াখানার নিরাপত্তা ও প্রাণীর খাঁচাগুলো রক্ষণাবেক্ষণে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে। ঢাকা চিড়িয়াখানা থেকে গত রোববার রাতে রহস্যজনকভাবে পাখি চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রথমে ১৫০টি পাখি চুরি হয়েছে জানালেও পরে বলেছে ১১টি পাখির কথা। এ ঘটনায় গত সোমবার রাতে একটি মামলা করেন কিউরেটর।