ঢাকা ছাড়লেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশে চার দিনের সফর শেষে আজ বুধবার সকালে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তাঁকে বহনকারী একটি বিশেষ বিমান সকাল আটটা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। খবর বাসসের।এ সময় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, অ্যাম্বাসেডর অ্যাটলার্জ এম জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমীন এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি টারমার্কে জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান। বান কি মুন তাঁর স্ত্রী বান সুন তায়েককে সঙ্গে নিয়ে তাঁর ত্রিদেশীয় সরকারি সফর শুরুর প্রথমে গত রোববার ঢাকায় পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের সফরসূচিতে থাকা অপর দুটি দেশ হচ্ছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজধানী ও মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বাংলাদেশে অবস্থানকালে জাতিসংঘের প্রধান জলবায়ু পরিবর্তন ফোরাম-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এতে তিনি জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত পাবলিক স্পিকিং ইভেন্টে যোগ দেন। সেখানে বান কি মুনকে সম্মাননা ডক্টর অব ল ডিগ্রি প্রদান করা হয়।এ ছাড়া জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রী মৌলভীবাজার জেলার কুলাউড়ার মোবারকপুরের একটি মা ও শিশু কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে তিনি স্বাস্থ্যসেবার সুবিধা গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।