ঢাকা ছেড়ে অনেক দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেকটা শখের বশেই ঘুরতে এসেছিলাম পর্যটন মেলায়। মেলার সব অফার আর প্যাকেজ দেখে আগ্রহ বেড়ে যায়। তাই পুজোর ছুটিতে নেপাল যাওয়ার জন্য বুকিং দিলাম।’ বলছিলেন রামপুরা থেকে আসা সাজিয়া ও জয়রাজ দম্পতি। এঁদের মতো অনেকেই এসেছিলেন বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলায়। তিন দিনব্যাপী এ মেলা শেষ হয়েছে গতকাল।মেলার প্রতিটি দিন দর্শনার্থীদের উপস্থিতি দেখে বোঝা গেল, একটু নিজের মতো করে সময় কাটানোর জন্য অনেকেই খোঁজ করছিলেন পছন্দসই আর মনোমুগ্ধকর একটি জায়গার। সেটা দেশের ভেতরেই হোক, আর বাইরে। দেশের ভেতরে বান্দরবান আর সেন্টমার্টিনের চাহিদা ছিল বেশ। আবার দেশের বাইরে নেপাল, থাইল্যান্ডের প্রতি দর্শনার্থীদের ঝোঁক ছিল চোখে পড়ার মতো। আবার কারও কারও ঝোঁক ছিল ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোয় ভ্রমণের দিকে।মেলায় নগরবাসী খুঁজে নিতে চেয়েছে সাশ্রয়ী আর নিরাপদ একটি ভ্রমণের সুযোগ। তাই বের হওয়ার সময় সবাই হাত ভরে নিয়ে গেছে বিভিন্ন ‘প্যাকেজ অফার’-এর লিফলেটগুলো। এ সুযোগ গ্রহণের আগে নগরবাসীকে অবশ্যই জেনে নিতে হবে ট্যুর অপারেটরগুলোর ট্যুর শিডিউল, ভ্রমণে লাগেজ পরিবহন, ভিসা প্রসেস, এমনকি থাকা-খাওয়ার সুবিধাগুলো কেমন। আবার আকর্ষণীয় প্রচারপত্রের নিচে ফুটনোট আকারে থাকা শর্ত প্রযোজ্য থাকার বিষয়টি খোলাসা করে নিতে হবে। না হলে আনন্দ-ভ্রমণে গিয়ে আনন্দটাই নিরানন্দ হয়ে পড়তে পারে।আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজন করে এই মেলার। মেলায় ছিল ট্যুর অপারেটরস, বিমান সেবা, মেডিকেল ট্যুরিজম আর ব্যাংকিং সহায়তাসহ নানা রকম আয়োজন।