ঢাকা ছেড়েছেন লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন রেখে ঢাকা ছাড়লেন র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেন। দীর্ঘ সাত মাস ১৮ দিন পর আজ বুধবার বিকেলে ঝালকাঠির গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়েন লিমন।ঢাকা ছাড়ার আগে লিমন প্রথম আলোকে বলেন, ‘আমার একটাই চাওয়া, আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী তা করবেন।’লিমনকে আইনি সহায়তা দিচ্ছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটির দুজন প্রতিনিধি লিমনের সঙ্গে ঝালকাঠি যাচ্ছেন। তাঁরা জানিয়েছেন, ঝালকাঠি পৌঁছে তাঁরা প্রথমে স্থানীয় পুলিশ প্রশাসনকে লিমনের গ্রামে ফেরার বিষয়টি অবহিত করবেন।চলতি বছর লিমনের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার কয়েক দিন আগে গত ২৩ মার্চ বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে র্যাবের হাতে গুলিবিদ্ধ হন। পরে চিকিত্সকেরা তাঁর জীবন বাঁচাতে বাঁ পা উরুর নিচ থেকে কেটে ফেলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লিমনের বিরুদ্ধে একাধিক মামলা করে।ওই ঘটনার পর ঢাকায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চলছিল লিমনের চিকিত্সা। গত ২৯ আগস্ট লিমনের কৃত্রিম পা লাগানো হয় সাভারে।র্যাব গুলি করার পর থেকে গত সাত মাসে এর আগে একবার ঝালকাঠি গিয়েছিলেন লিমন। সেবার গিয়েছিলেন আদালতে হাজিরা দিতে। আর এবার ফিরে যাচ্ছেন নিজের গ্রামে, মায়ের কোলে।একটা পা হারিয়েছেন, এর পরও যে বেঁচে আছেন, এটাই লিমনের সান্ত্বনা। লিমন বলছিলেন, ‘প্রতিদিন খবরের কাগজে দেখি, অনেকের লাশ পাওয়া যাচ্ছে, অনেকে গুম হয়ে যাচ্ছে। লাশও পাওয়া যাচ্ছে না। সেখানে আমি অনেক ভাগ্যবান। আমি তো মাত্র একটি পা হারিয়েছি। মা-বাবাকে তো দেখতে পাচ্ছি।’এতদিন পর গ্রামে ফিরে যাচ্ছেন কেমন লাগছে—জানতে চাইলে লিমন বলেন, ‘অনেক ভালো লাগছে। আবার একটু কষ্টও লাগছে। আগের মতো আর কাদা মাটিতে হাঁটতে পারব না, মামলা প্রত্যাহার হয়নি—এসব কারণে কিছুটা কষ্ট আছে।’লিমনের আবেদন, তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার করা হোক। বাড়ি ফিরে তিনি আবার পড়া লেখা শুরু করতে চান। স্থানীয় প্রশাসন যেন তাঁকে ভয়ভীতি না দেখায়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনটি যেন প্রকাশ করা হয়।