ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাবলিক ইন্টারনেট
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সবার জন্য বিনা মূল্যে ‘পাবলিক ইন্টারনেট’ চালু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম আজ রোববার এ পাবলিক ইন্টারনেট কার্যক্রমের উদ্বোধন করেছেন।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এইচ টি ইমাম বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কার্যধারার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে ঢাকা জেলা প্রশাসনের এই উদ্যোগ সার্থক ভূমিকা রাখবে। যে কেউ বিনা মূল্যে এখানে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। দেশের ৬৪ জেলার মধ্যে এই প্রথম সাধারণ জনগণের জন্য ঢাকা জেলা প্রশাসনে এ সুবিধা চালু হলো। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় স্থাপিত পাবলিক ইন্টারনেট কেন্দ্রে পাঁচটি কম্পিউটারের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে। পাবলিক ইন্টারনেট সব কর্মদিবসে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ঢাকার পাঁচটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি করে কম্পিউটারের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট ব্যহারের সুবিধা চালু থাকবে।এইচ টি ইমাম নবাবগঞ্জের নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ই-মেইল করে সেখানকার জন্ম নিবন্ধনের তথ্যাদি জানতে চান। তাঁকে তাত্ক্ষণিক ফিরতি মেইলে ইউএনও বিভিন্ন তথ্য পাঠান।ঢাকার জেলা প্রশাসক জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন।