ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের চাপায় শ্রমিক নিহতের গুজবে আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিন ঘণ্টা অবরোধ ছিল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় সকালে শ্রমিকেরা যানবাহন ভাঙচুর, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধের ফলে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।দুর্ঘটনায় আহত শ্রমিকের নাম মো. রুবেল (২২)। তিনি সিরাজগঞ্জের উল্লাহপাড়া থানার কালিপুর গ্রামের হজরত আলীর ছেলে। তিনি ওই এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় আজ সকাল পৌনে আটটার দিকে রুবেল সড়ক অতিক্রম করছিলেন। এ সময়ে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এটিএস কারখানায় খবর পৌঁছায় শ্রমিক রুবেল মারা গেছে। ওই খবরে কারখানার প্রায় তিন হাজার শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন এবং তাঁরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। পরে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে আজমেরী পরিবহনসহ ২৫-২৬টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদের বের করে আনার জন্য কারখানার গেটগুলোতে ইটপাটকেল ছুড়তে থাকেন। উত্তেজিত শ্রমিকেরা ওই সড়কে আজমেরী পরিবহন বন্ধের ও সড়কে গতিরোধক দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সকাল নয়টার দিকে দিকে কালিয়াকৈর থানা-পুলিশ, কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করতে ব্যর্থ হয়।সকাল সাড়ে ১০টার দিকে মৌচাক সাদমা ফ্যাশন লিমিটেড কারখানার মালিক মো. নাছির উদ্দিন ঘটনাস্থলে এসে শ্রমিকদের দাবি অনুযায়ী গতিরোধক তৈরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। প্রায় তিন ঘণ্টা পর বেলা ১১টার দিকে কারখানার শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। তিন ঘণ্টা সড়ক অবরোধের ফলে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আহত শ্রমিককে প্রথমে কোনাবাড়ি আধুনিক ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পর এটিএস কারখানা এক দিনের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।