ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ ঘণ্টা যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত ১৪ ঘণ্টা তীব্র যানজট ছিল। গাজীপুরের কালিয়াকৈর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। এর ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর রেলওয়ে ওভার ব্রিজের ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায়ও আরেকটি ট্রাক বিকল হয়ে যায়। পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর মেরামতকাজ চলছিল। এ কারণে মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের জানান, তিনি এক নিকটাত্মীয়কে নিয়ে টাঙ্গাইলে গেছেন। তাঁর আত্মীয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন প্রার্থী। কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও তাঁরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।মির্জাপুরের গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার সার্জেন্ট মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু সেতুর মেরামতকাজ শুরু হওয়ায় একপাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া হরতালের পর সাপ্তাহিক ও নববর্ষের ছুটি থাকায় মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এর ফলে মহাসড়কের যানজট তীব্র আকার ধারণ করেছে।