ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আজ রোববার সকালে বাসচাপায় এক নারীর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। বাসচাপায় গুরুতর আহত গীতা রানীকে (৫০) প্রথমে কুমুদিনী হাসপাতালে এবং পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়। গীতা রানী মির্জাপুর উপজেলার সারুটিয়া গ্রামের নরেন্দ্র নাথ সরকারের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্নী এলাকায় বাসের চাপায় গীতা আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ওই স্থানে গতিরোধকের দাবিতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জাহান, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন তালুকদার এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ওই স্থানে গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়া হলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ জনতা। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত কোরবানির ঈদের তিন দিন আগে মহাসড়কে তীব্র যানজট হওয়ায় কুর্নী, মির্জাপুরসহ মহাসড়কের বিভিন্ন স্থানের প্রায় ১৫টি গতিরোধক তুলে ফেলা হয়।