ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে পৃথক তিনটি দুর্ঘটনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়। এর ফলে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে আছে অনেক যানবাহন। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ব্রিজের ওপর পাশাপাশি দুটি ট্রাক অতিক্রম করার সময় আটকা পড়ে। এতে যানবাহনগুলো কালিয়াকৈর পুরাতন সড়ক দিয়ে চলাচল করলেও অতিমাত্রায় যানবাহন চলাচলের কারণে যানজট শুরু হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় একটি কাভার্ড ভ্যান ঢাকাগামী গরু বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে দুটিই রাস্তার ওপর উল্টে পড়ে। এ ছাড়া রাত ১২টার দিকে মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।ওসি ছানোয়ার হোসেন জানান, মহাসড়কের ওপর থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো রেকার ও এলাকাবাসীর সহযোগিতায় সরিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই যানজট নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।