ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর সদর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মহাসড়কে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল রোববার রাত আড়াইটার দিকে মহাসড়কের সোহাগপুরে বালিবোঝাই একটি ট্রাক রাস্তার ওপর উল্টে যায়। এতে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। পুলিশ একদিক দিয়ে যান চলাচলের ব্যবস্থা করলেও রাতে অতিমাত্রায় ট্রাকের চাপ থাকায় যানজট কমেনি। পরে রেকার এনে সকাল সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। তার পরও আজ সোমবার বেলা সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের ওই অংশে যানজট অব্যাহত ছিল।গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনার পাশাপাশি খানাখন্দকে পরিণত হওয়া রাস্তার কারণে ধীরগতিতে যান চলাচল করায় যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে তা কেটে যাচ্ছে।