ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম প্রথম আলোকে আজ সকালে বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ মহাসড়কে সাতটি গাড়ি বিকল হয়ে গেলে পুলিশ রেকার দিয়ে সেগুলো সরিয়ে নেয়। এ ছাড়া মহাসড়ক দিয়ে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে রওনা হয়। অনেক স্থানীয় রুটের গাড়ি বাড়তি পয়সার টানে দূরপাল্লার যাত্রী নিয়ে রওনা হয়। এর ফলে গাড়ির চাপও বাড়ে। এর মধ্যে রাজধানী অভিমুখী গরুবাহী অতিরিক্ত ট্রাকের কারণে যানজট তীব্র হয়। কোথাও কোথাও পুলিশের সহায়তায় জট ছাড়িয়ে গাড়ি চলাচল শুরু হলেও কিছুদূর এগোনোর পর আবার যান চলাচল থমকে যায়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, ‘দুই লেনবিশিষ্ট এই রাস্তায় অতিরিক্ত যানবাহনের ফলে এই জটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ বিভাগ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।’