ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, দুর্ভোগ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সোমবার তীব্র যানজটের কারণে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। গতকাল রোববার রাতে গরুবোঝাই একটি ট্রাক ওই মহাসড়কে বিকল হয়ে পড়ে। এতে এই যানজটের সৃষ্টি হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাত চারটার দিকে টাঙ্গাইলে মহাসড়কের আশেকপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় মহাসড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করলেও চাপ বেশি থাকায় রাস্তার দুই পাশে বঙ্গবন্ধু সেতু থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। আজ সোমবার ভোরের দিকে যানজট কিছুটা কমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার যানজট শুরু হয়। মির্জাপুর গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল এখন বেশি। তার ওপর চালকেরা নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছেন। এ ছাড়া কিছু দূর পর পর গতিরোধক রয়েছে—সব মিলিয়ে যানজটের সৃষ্টি হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, সেতুর সংস্কারকাজ চলায় সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। যানবাহনের চাপও এই জটের কারণ।