ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, যাত্রীদের ভোগান্তি
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে বড় বড় গর্তের মধ্য দিয়ে যান চলাচল ব্যাহত হওয়ায় আজ শুক্রবার সকালে মহাসড়কে আটকা পড়ে যায় শত শত যানবাহন। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মহাসড়কের ওই এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে স্বাভাবিক যানচলাচল ব্যাহত হচ্ছে। গত দুই দিনের হরতালের পর আজ সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপও বেড়ে যায়। ভাঙা সড়কে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় কোনাবাড়ির উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। কোনাবাড়ির পশ্চিমে কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমি পর্যন্ত প্রায় আট কিলোমিটার এবং কোনাবাড়ি থেকে জয়দেবপুরের দিকে কড্ডা পর্যন্ত প্রায় পাঁচ-ছয় কিলোমিটার সড়কে যানজট রয়েছে। কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিকবার সওজের কর্মকর্তাদের বলেও কোনাবাড়ি এলাকায় রাস্তাটি মেরামত করা যায়নি। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া আজ সকাল থেকে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।