ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে যানজট কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় ক্যাডেট কলেজ থেকে জামুকী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার এলাকার যানজট কমে এসেছে। দুপুরের পর থেকে গাড়ী কমে যাওয়ায় যানজট কিছুটা কমেছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন বলেন, ইফতারের পর ঘরমুখো মানুষের যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই সময় মহাসড়কে আবার যান চলাচল বাড়বে। এ সময় যানজট বাড়তে পারে।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সোমবার গভীর রাতে মহাসড়কের শুভুল্যায় টাঙ্গাইলগামী আসবাবপত্র বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালকসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী ঘটনাস্থলে আসলে মহাসড়কে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এরপর থেকেই মহাসড়কে যানজট বাড়তে থাকে। মহাসড়কে অতিমাত্রায় যানবাহন চলাচলের পাশাপাশি মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকেরা নিজেদের ইচ্ছেমতো চলার কারণে যাত্রীবাহী বাস ও ট্রাক স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ফলে যানজট লেগেই আছে। তাছাড়া মহাসড়কে মির্জাপুর বাইপাসের পুষ্টকামুরী চড়পাড়া ও দেওহাটা এলাকা থেকে প্রাইভেটকার ও মাইক্রোবাস পুরাতন সড়ক দিয়ে মহাসড়কে ঢোকাতে যানজট বাড়ছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন বলেন, এক দিকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ। অন্যদিকে মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকদের স্বেচ্ছাচারিতা। এই দুই মিলিয়ে মহাসড়কে যানজট অব্যাহত আছে। তবে যাত্রীদের কথা বিবেচনা করে যানজট নিরসনে পুলিশ সার্বক্ষণিক কাজ করে চলছে।