বঙ্গবন্ধু সেতুর মেরামতের কাজ ও সেই সঙ্গে কয়েকটি স্থানে গরুবাহী ট্রাক বিকল হয়ে গতকাল সোমবার সেতুর দুই প্রান্ত ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী মানুষ। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, মেরামতকাজের জন্য গতকাল সকাল নয়টার দিকে সেতুর একটি লেন বন্ধ করে অপর লেন যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হয়। সেতুর দুই দিক থেকে আসা গাড়ি এক লেন দিয়ে চলতে গিয়ে সেতুর ওপর ও এর দুই পাশে যানজট লেগে যায়। বেলা ১১টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বন্ধ লেনটি খুলে দেওয়ার ব্যবস্থা করেন। তবে এই লেন খুলে দেওয়ার পরও যানবাহন চলাচল স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়। পুলিশ সুপার বলেন, ‘ঈদের আগ মুহূর্তে মহাসড়কটিতে যানজট এমনিতেই লেগে থাকে। এ অবস্থায় সেতুর মেরামতকাজ অব্যাহত রাখলে তা আরও মারাত্মক আকার ধারণ করবে। আগামী আট দিন ওই মেরামতকাজ বন্ধ থাকবে।’ মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট কামরুজ্জামান জানান, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সেতু থেকে মির্জাপুরের মধ্যে বেশ কয়েকটি গরুবাহী গাড়ি বিকল হয়ে যায়। এতে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়।সরেজমিনে গতকাল দুপুরে দেখা যায়, নাটিয়াপাড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের নাটিয়াপাড়া, বাওইখোলা, করটিয়া বাইপাস, টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা, পৌলি সেতু, এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে যানজট লেগে আছে। পুলিশ সুপার বলেন, ২৩ তারিখ রাত থেকে যানবাহনের চাপ আরও বাড়বে। এ সময় মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৭ কিলোমিটারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। মহাসড়ক পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমাদের মির্জাপুর প্রতিনিধি সোহেল মোহসিন জানান, রোববার ভোর চারটায় টাঙ্গাইলের আশেকপুরে গরুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ায় যানজট শুরু হয়। যানজট বঙ্গবন্ধু সেতু থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।