ঢাকা টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা টেস্টের প্রথম দিনটি মোটামুটি ভালোই কাটল বাংলাদেশের। আরও ভালো হতে পারত, কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ও বাংলাদেশের ব্যাটসম্যানদের চিরন্তন ধৈর্যহীনতা ভালোটাকে ‘আরও ভালো’ হতে দেয়নি। এর পরও দিন শেষে তৃপ্তির হাসি হাসতেই পারেন সাকিব-সিডন্সরা।আজ সকালে টস জিতে সাকিব আল হাসান ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম থেকেই তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা ছিল ইংলিশ বোলিং আক্রমণ। তামিম ঝড়ের গতিতে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালিয়ে ৭১ বলে ৮৫ রান করেন। টেস্টে ম্যাচে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালানো নিয়ে বিতর্ক থাকলেও তামিমের ব্যাটের ওপর ভর করেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পরও দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৩০। তামিমের মার-কাট ব্যাটিং থামে আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তে। ট্রেডওয়েলের বলে সুইপ করতে গিয়ে তামিমের হাতের কোনো অংশে লেগে বলটি উইকেটের পেছনে উইকেটরক্ষক প্রাইওরের হাতে গিয়ে পড়ে। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, বলটি তামিমের ব্যাট দূরে থাক গ্লাভসও স্পর্শ করেনি।তামিম ইকবালের পর জুনায়েদ ৩৯ রানে, মাহমুদউল্লাহ ৫৯ রানে, সাকিব ৪৯ রানে ও মুশফিকুর ৩০ রান করে আউট হন। এসব ইনিংসের প্রতিটিই ছিল সম্ভাবনাময় এবং প্রতিটিই শেষ হয়েছে মনোসংযোগ ও ধৈর্যের অভাবে। সাকিবের ব্যাট আজ অনেক দিন পর আবার ঝলসে উঠেছিল, কিন্তু চট্টগ্রাম টেস্টের মতোই মিডল ও অফে পিচ করা একটি ভালো বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে সুন্দর সম্ভাবনাময় একটি ইনিংসের অপমৃত্যু ঘটান তিনি। সাকিবের উইকেটটি নেন ট্রেডওয়েল। মাহমুদউল্লাহ স্বভাবসুলভ ধারাবাহিকতায় আজও ধরেছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের হাল। কিন্তু ফিনের একটি অফস্ট্যাম্পের বাইরের বল হালকাচ্ছলে খেলতে গিয়ে পয়েন্টে পল কলিংউডের ক্যাচে পরিণত হন। চা-বিরতির আগ মুহূর্তে এই শট খেলে অযথাই নিজের ও দলের বিপদ ডেকে আনেন তিনি।মাহমুদউল্লাহর পর উইকেটে এসে মুশফিকুর রহিম আরও একটি ভালো ইনিংসের সম্ভাবনা তৈরি করেন। শেষ বিকেলে তিনি ৩০ রানে ব্রেসনানের বলে উইকেটরক্ষক প্রাইওরের হাতে ধরা পড়েন।নাঈম ইসলাম অপরাজিত রয়েছেন ৩৩ রানে। সঙ্গে রয়েছেন শফিউল ইসলাম, তাঁর সংগ্রহ ৮ রান। এদিকে চমত্কার শুরুর পর দলীয় ৫৩ রানে ব্যক্তিগত ১২ রান করে আউট হন ইমরুল কায়েস। আজকের ম্যাচে অভিষিক্ত জহুরুল ইসলাম রানের খাতা না খুলেই সওয়ানের বলে এলবিডব্লিউ হন। তবে তাঁর আউটটিও প্রশ্নের ঊর্ধ্বে নয়। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সওয়ান। তিনি ৯৪ রানে পেয়েছেন ৩ উইকেট।