ঢাকা থেকে নিখোঁজ ভারতে গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস আগে ঢাকা থেকে নিখোঁজ হওয়া মণিপুরের বিচ্ছিন্নতাবাদী নেতা রাজকুমার মেঘেন ওরফে সুরজিত ওয়াইখমকে মঙ্গলবার ভারতের বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সে দেশের পুলিশ জানিয়েছে। গত বুধবার টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং বিবিসি রেডিও এ খবর প্রকাশ করে।ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করে আসছে, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (ইউএনএলএফ) চেয়ারম্যান রাজকুমার মেঘেন গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে নিখোঁজ হন। গত ১৩ অক্টোবর বিবিসি রেডিওর খবরে বলা হয়, রাজকুমার মেঘেনকে বাংলাদেশের গোয়েন্দারা আটক করে গোপনে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। তবে ঢাকা বা দিল্লির পক্ষ থেকে আটকের কথা স্বীকার করা হয়নি।বিবিসির উত্তর-পূর্ব ভারতীয় সংবাদদাতা সুবীর ভৌমিক প্রথম আলোকে বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি বিশ্বস্ত সূত্র থেকে তাঁরা মেঘেনের আটকের খবর পান। উত্তর-পূর্ব ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ও শান্তি আলোচনায় না যাওয়ার পক্ষে অনড় ইউএনএলের চেয়ারম্যান রাজকুমার ঢাকার লালমাটিয়া এলাকায় সুরজিত ওয়াইখম নামে বাস করছিলেন। তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মোহাম্মদপুর থানায় খোঁজ নিয়ে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রাজকুমার মেঘেন ওরফে সুরজিতের ভাগনি পরিচয় দিয়ে নির্মলা সিনহা নামে একজন থানায় জিডি করেন। তাতে বলা হয়, ওই দিন সুরজিত গাড়ি নিয়ে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক থেকে শেখেরটেকে যাওয়ার পথে নিখোঁজ হন। জিডিতে সুরজিতের ঠিকানা হিসেবে লালমাটিয়ার একটি বাসার নম্বর উল্লেখ করা হয়। এই জিডি তদন্ত করছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। তিনি বুধবার প্রথম আলোকে বলেন, সুরজিতকে ২৯ সেপ্টেম্বর দুপুরে কে বা কারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এখনো তাঁকে উদ্ধার করা যায়নি। তদন্ত চলছে। তবে এই সুরজিত যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেতা রাজকুমার মেঘেন, তা তিনি জানেন না বলে তদন্ত কর্মকর্তা দাবি করেন।এর আগে গত ২৯ নভেম্বর ভারতীয় সংবাদ ম্যাগাজিন তেহেলকার এক খবরে বলা হয়, ২৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নিজস্ব গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৭-০৭১৬) নিয়ে বের হওয়ার পর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে রাজকুমার মেঘেনকে বাংলাদেশ ও ভারতীয় গোয়েন্দারা আটক করে। এরপর তাঁকে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়। মেঘেনকে নয়াদিল্লিতে একটি গোয়েন্দা সংস্থার গোপন আস্তানায় রাখা হয়েছে।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মেঘেন ঢাকা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা গুয়াহাটি হাইকোর্টের ইম্ফল বেঞ্চে একটি হেবিয়াস কর্পাস পিটিশন করেন। হাইকোর্ট ৬ ডিসেম্বরের মধ্যে ভারতের কেন্দ্র সরকার ও মণিপুর রাজ্য সরকারকে মেঘেনের অবস্থা জানানোর আদেশ দেন। তার আগেই গত মঙ্গলবার তাঁকে বিহার প্রদেশের মতিহারি থেকে গ্রেপ্তার দেখানো হয় বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।