দেশীয় কোম্পানি দিয়ে গ্যাস উত্তোলনসহ ছয় দফা দাবি
ঢাকা থেকে সুনেত্র অভিমুখে জাতীয় কমিটির লংমার্চ শুরু
ঢাকা থেকে সুনেত্র অভিমুখে ২১০ কিলোমিটার লংমার্চ শুরু করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান এবং সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে দেশীয় কোম্পানি দিয়ে গ্যাস উত্তোলনসহ ছয় দফা দাবিতে এই লংমার্চ করা হচ্ছে।গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে চার দিনব্যাপী এই লংমার্চ শুরু করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সুনেত্র (সুনামগঞ্জ-নেত্রকোনা জেলার সীমান্তবর্তী অঞ্চলজুড়ে অবস্থিত) গ্যাসক্ষেত্র বাপেক্সের আবিষ্কার। অথচ সক্ষমতার প্রশ্ন তুলে এই গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে।সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির পক্ষ থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, সংসদীয় কমিটিকে জনমত যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা তা না করে বিদেশি কোম্পানির নির্দেশমতো নিজেরা মতামত দিয়ে বসে আছেন।সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, দেশের সম্পদ রক্ষায় কোনো সরকারই পদক্ষেপ নেয়নি। বরং দেশের সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়েছে। জনগণ তাদের এমন অসৎ উদ্দেশ্য এর আগেও বাস্তবায়ন করতে দেয়নি। এখনো দেবে না।কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এই লংমার্চ আর বায়ান্নর ভাষা আন্দোলন এক সূত্রে গাঁথা। দেশের স্বার্থ রক্ষায় জনগণ স্ব-উদ্যোগে এ ধরনের আন্দোলনে আগেও ঝাঁপিয়ে পড়েছে। এখনো মাঠে আছে। কোনো অশুভ পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না।’এম এম আকাশ বলেন, একটি পাজেরো গাড়ি দিয়ে চুক্তি করে নেওয়ার মতো দৃষ্টান্ত বিশ্বের কোথাও নেই। এমন সিদ্ধান্তের ফলাফল জনগণ ঠিক ঠিক বুঝিয়ে দেবে। অতীতেও দিয়েছে।সমাবেশে আরও বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন। এ সময় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় কমিটির অন্য দাবিগুলো হলো: চলতি সংসদ অধিবেশনেই খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস করা; বিদেশি কোম্পানির সঙ্গে আর উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) না করা; প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ পদ্ধতিতে কয়লা উত্তোলন; কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল; ফুলবাড়ী চুক্তির বাস্তবায়ন এবং বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া।গাজীপুরে জনসভা: ঢাকা থেকে লংমার্চ গতকাল সন্ধ্যায় গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক জনসভা করে। জনসভায় বক্তব্যে আনু মুহাম্মদ সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্রের গ্যাস এ দেশের প্রতিষ্ঠান দিয়ে উত্তোলনের দাবি করেন। আসাদুল্লাহ বাদলের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিম আক্তার হোসাইন, বিশিষ্ট সমুদ্র গবেষক নুর মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকমল হোসেন, বাসদ নেতা শ্যামল কান্তি দে, সিপিবির নেতা জয়নাল আবেদীন খান প্রমুখ।আজ ২৯ অক্টোবর ময়মনসিংহ, কাল ৩০ অক্টোবর নেত্রকোনা এবং ৩১ অক্টোবর বাদশাগঞ্জে জনসভা করবে এই কমিটি।