ঢাকা না ভেঙে নির্বাচন দিন, প্রার্থী হব না: মেয়র খোকা
ঢাকা সিটি করপোরেশনকে না ভেঙে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন মেয়র সাদেক হোসেন খোকা। সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেছেন, ‘আমার একটাই আকুতি, ঢাকাকে ভাঙবেন না। মেয়র নির্বাচন দিন, আমি প্রার্থী হব না। ঢাকাকে বিভক্ত করার আয়োজন বেদনাদায়ক ও দুঃখজনক।’আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেয়র খোকা এ কথা বলেন। এ সময় ঢাকা সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলার ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাদেক হোসেন বলেন, সর্বস্তরের নগরবাসী, নির্বাচিত প্রতিনিধি ও সুশীল সমাজের সুস্পষ্ট বিরোধিতা সত্ত্বেও সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশে ঢাকাকে বিভক্ত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। এ নির্বাচনে বর্তমান মেয়রকে পরাজিত করার মতো যোগ্য প্রার্থী সরকারি দলে না থাকায় তারা এ উদ্যোগ নিয়েছে। বর্তমান মেয়রের জনপ্রিয়তার ভয়ে তারা নির্বাচনের পথে না গিয়ে আইন সংশোধন করে প্রশাসক নিয়োগ করতে চায়। খোকা দাবি করেন, ‘নির্বাচন দিলে আমাকে পরাজিত করার মতো কোনো প্রার্থী নেই। এ ছাড়া বিদ্যমান আইনেও প্রশাসক নিয়োগের কোনো সুযোগ না থাকায় তারা ঢাকাকে বিভক্ত করে নতুন এমন ব্যবস্থা করতে চাইছেন, যাতে আমাকে অপসারণ করা যায়।’ ঢাকাকে অবিভক্ত রাখার গণদাবি উপেক্ষা করে বর্তমান সরকার তা বিভক্ত করলে, বিএনপি ক্ষমতায় এসে আবার ঢাকাকে এক করবে।